logo

চট্টগ্রামে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আগুনে কালো হয়ে যাওয়া ভবনের দেয়াল ও জানালা। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের কাট্টলী রাসমনি ঘাট এলাকায় ইউনিয়ন ভূমি অফিস এবং হালিশহরের বড় পুল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কাট্টলী ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়া হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া বলেন, তার কার্যালয়ের আওতাধীন কাট্টলী ইউনিয়ন ভূমি অফিসে দুজন আগুন দেন।

তিনি বলেন, কার্যালয়টির দুই পাশে সীমানাপ্রাচীর এবং কাঁটাতারের বেড়া ছিল। বেড়ার ফাঁক দিয়ে দুই দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যায়।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার রুহুল আমিন লাবু বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

অন্যদিকে বৃহস্পতিবার ভোরে নগরীর হালিশহর থানার বড় পুল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল গণমাধ্যমকে বলেন, আগুনে পুলিশ বক্সটির জানালা আংশিক পুড়ে গেছে। এ ছাড়া ভেতরে ও বাইরের কিছু অংশ কালো হয়ে গেছে। স্থানীয় লোকজন আগুন দেখে তা নিভিয়ে ফেলেন।

ওসি আরও বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে।