ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছয় বছরের ছেলে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বলাৎকারের শিকার হওয়া ছয় বছর বয়সি এক ছেলেশিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ১৫ বছর বয়সি এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর প্রতিবেশী শিশুকে খেলাধুলার কথা বলে নিজের ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে সবশেষ নির্যাতন করে সে। শিশুটির চাচা কান্নার শব্দ শুনে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা খুললে অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমপ্লেক্সের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, শিশুটিকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বলেন, শিশুটি বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)


