বৃদ্ধের ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ৫৫ বছর বয়সি এক বৃদ্ধের ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
এর আগে, এদিন ঢুষমারা থানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। অভিযুক্ত মতিবর ফকির ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।
কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
