logo
Advertisement

পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক
আটক জেলেরা। ছবি: এশিয়া পোস্ট

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন অভয়ারণ্যের নিষিদ্ধ ‘আদানি গুরগুরিয়া খালে’ মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে প্রায় আড়াই মণ মাছ, জাল ও দুটি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায়।

আটক জেলেরা হলেন—খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আব্দুস সালাম (৩৫), কদম আলী (৪০), জহুরুল হক সরদার (৪৫), আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল আদানি গুরগুরিয়া খালে এ অভিযান চালায়।

অভিযানকালে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরা অবস্থায় পাঁচ জেলেকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা। পরে তাদের সঙ্গে থাকা প্রায় আড়াই মণ মাছ, মাছ ধরার জাল ও দুটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক জেলেরা আইন অমান্য করে অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ ধরছিলেন। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।