logo
Advertisement

হাতিয়ায় এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

হাতিয়ায় এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন
জোড়খালী উচ্চ বিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর কারণ খুঁজে বের করতে জেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানসী রানি সরকারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা ম্যাস হিস্টিরিয়ায় অসুস্থ হয়ে পড়তে পারে। তবে এটিই চূড়ান্ত কারণ নয়; বিষয়টি নিশ্চিত করতেই তদন্ত কমিটি কাজ করবে। এদিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হলেও অসুস্থতার অন্য কোনো শারীরিক কারণ পাওয়া যায়নি।

সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়টির নয়জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর বিকেলে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর আগে ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী এবং ১৪ সেপ্টেম্বর আরও ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। সব মিলিয়ে এক সপ্তাহে মোট ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হলো।

শিক্ষার্থীদের অসুস্থতার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্য উঠে এসেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের এক অনুসন্ধানে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে ব্যবহৃত কীটনাশকের ঝাঁজালো গন্ধের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।

একই বিদ্যালয়ে বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন তদন্ত কমিটির প্রতিবেদনে মূল কারণ কী আসে, সেটিই দেখার বিষয়।