logo

প্রতি বছর বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়লেও এবার বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ

প্রতি বছর বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়লেও এবার বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: এশিয়া পোস্ট

প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ থাকলেও এবার বাড়েনি বলে দাবি করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছেন। কল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।

তিনি বলেন, বাজেটের পর আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ থাকলেও এবারের বাজেটে এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি।

এ সময় পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করতে পর্যায়ক্রমে কাজ চলমান রয়েছে বলেও জানান ফরহাদ হোসেন আজাদ।

এর আগে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ টন চাল ও তাদের স্বাবলম্বী করতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

পরে বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন ও বাঁধের সম্ভাব্য এলাকা যাচাই, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী আজাদ।