মৌলভীবাজার/পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন: ৩ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বনের ভেতর ট্রেনটির কয়েকটি বগি আটকে পড়ে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিগুলো পুনর্সংযুক্ত করলে বিকেল ৫টা ২০ মিনিটে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল অতিক্রম করার সময় হঠাৎ বগি সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের ৭টি যাত্রীবাহী বগি বনের ভেতরে মূল অংশ থেকে আলাদা হয়ে পড়ে এবং ইঞ্জিনসহ বাকি ৯টি বগি কিছুটা সামনে চলে যায়। এ ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকে থাকে।
তবে এ দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে বগি ও ইঞ্জিন পুনর্সংযুক্ত করার কাজ শুরু করে। উদ্ধারকাজ শেষে বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলস্টেশনের মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। তবে উদ্ধারকারী দল দ্রুত কাজ শেষ করে বগিগুলো পুনর্সংযুক্ত করায় ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল ৫টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
