লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

চাঁদপুরে লঞ্চে অসুস্থ এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে এই সহায়তা প্রদান করা হয়। পরবর্তী সময়ে দ্রুত হাসপাতালে পৌঁছানোর লক্ষ্যে তাকে কোস্টগার্ডের বোটে করে হরিণা ফেরিঘাটে নিয়ে আসা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক নারী তার পুত্রবধূকে সঙ্গে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশে রওনা দেন। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে পুত্রবধূ হঠাৎ খিঁচুনি উঠে অচেতন হয়ে পড়েন।
এ ঘটনায় লঞ্চের এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পাওয়া মাত্রই কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চটিতে গিয়ে অসুস্থ নারীকে চিকিৎসাসেবা দেয়।
চিকিৎসা শেষে রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোস্টগার্ডের বোটে হরিণা ফেরিঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


