logo

হেঁটে স্কুলে যাওয়া ২০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

হেঁটে স্কুলে যাওয়া ২০ শিক্ষার্থী পেল বাইসাইকেল
রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের পক্ষ থেকে শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়। ছবি : এশিয়া পোস্ট

বিদ্যালয়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারোমাসিয়া এলাকার তৌহিদুল আনোয়ার হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

উপকারভোগীদের একজন সুমা আক্তার। ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের লম্বাবিল গ্রামের কৃষক নুরুল আলম ও গৃহিণী সেলিনা আক্তারের মেয়ে সুমা স্থানীয় তৌহিদুল আনোয়ার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় চার কিলোমিটার হওয়ায় প্রতিদিন আট কিলোমিটার পথ হেঁটে যাতায়াত করতে হতো তাকে। এতে শারীরিক ক্লান্তির পাশাপাশি সময়মতো বিদ্যালয়ে পৌঁছানোও অনেক সময় কঠিন হয়ে পড়ত।

সুমার মতো আরও ১৯ শিক্ষার্থীও দূর-দূরান্ত থেকে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করত। তাদের যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ নেয় রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল।

বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত সুমা আক্তার বলেন, ‘প্রতিদিন চার কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে আসতে হতো। আসা-যাওয়ায় অনেক সময় লাগত, কষ্টও হতো। এখন বাইসাইকেল পাওয়ায় সময় বাঁচবে, কষ্টও অনেক কমে যাবে।’

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এতে সময় ও শ্রম—দুই-ই ব্যয় হয়। শিক্ষার্থীদের এই দুর্ভোগ কমিয়ে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বিদায়ী সভাপতি সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি মো. সাইফুদ্দিন, সহসভাপতি জামাল নাসের চৌধুরী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক পরিচালক শরীফ শমশীর।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সুজাউদ্দীন জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক এবি সিদ্দিক। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা রাহুল ধর মিথুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে সৌজন্য সহায়তা প্রদান করে এসিএস লজিস্টিকস লিমিটেড।