শিক্ষা কোনো দাবির বিষয় নয়, এটি মানুষের মৌলিক অধিকার: খায়রুল কবির খোকন

নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শিক্ষা কোনো দাবির বিষয় নয়, এটি মানুষের মৌলিক অধিকার।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার একটি বেসরকারি স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুধু শিক্ষা খাতেই ১ লাখ ৩৬ হাজার ৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা আগের শিক্ষা বাজেটের দ্বিগুণ।
শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর জোর দিয়ে খায়রুল কবির খোকন বলেন, বর্তমানে স্কুলগুলোতে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি এবং তারা ফলাফলেও বেশ ভালো করছে। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও ভালো ফলাফল করতে হবে এবং স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। কেবল পাসের হার বাড়ালেই চলবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার প্রতিও বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পড়াশোনার অনুকূল পরিবেশ ফিরিয়ে দিতে পারলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারবে। শিক্ষার কোনো বিকল্প নেই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটুর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

