পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে ভবনের রান্নাঘর ও বারান্দার (বেলকনি) গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাত দল। গৃহকর্তার হাত-পা বেঁধে ও মারধর করে লকার ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেওয়া হয়। ডাকাতদের বাধা দিতে গিয়ে হামলায় আহত হয়েছেন এক নারী প্রতিবেশীও।
ভুক্তভোগী এমরান জানান, মঙ্গলবার ভোররাতে পিস্তল ও দেশীয় নানা অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা তার হাত-পা বেঁধে মারধর করার পর ঘরের লকার ভেঙে দুটি স্বর্ণের চেইন, একটি আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতরা তার ভাবির কক্ষের দরজা বারবার খোলার জন্য চাপ দিলেও তিনি দরজা খোলেননি। ফলে ডাকাতরা সেই কক্ষে প্রবেশ করতে পারেনি, যার কারণে তারা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।
মিক্সন শেখের স্ত্রী সেলিনা জানান, ভোররাতে ভবনের দুই পাশের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে ডাকাতেরা। এরপর সামনের কক্ষে ঢুকে তার দেবর এমরানকে বেঁধে ফেলে ও মালামাল লুট করে। পরে বেডরুমে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তার দাবি, ডাকাত দলে অন্তত আটজন ছিল এবং তারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে সেলিনা দ্রুত ডাকাতদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



