লক্ষ্মীপুরে নিখোঁজ শিশুর মরদেহ ৮ ঘণ্টা পর উদ্ধার

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার 'মরা মুছার খাল' থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল যৌথভাবে এ উদ্ধার অভিযানে অংশ নেয়।
নিহত ইউনুস স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনুস সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে খালে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে লক্ষ্মীপুর সদর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিস সদস্যরা তার কোনো সন্ধান পাননি।
পরবর্তী সময়ে সন্ধ্যার পর রামগতি ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল অভিযানে যোগ দেয়। রামগতি ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে নতুন করে তল্লাশি শুরু হয়। অভিযান শুরুর প্রায় আধা ঘণ্টার মাথায় খালের তলদেশে বাঁশের ঝোপের ভেতর আটকে থাকা অবস্থায় ইউনুসের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।



