সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

চট্টগ্রামের শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বরে) রাতে নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবিতে করা পাঁচ মামলার প্রতিটিতে তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মোহাম্মদ মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার খেলাপি ঋণের তথ্য সামনে আসে।
এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে এবং প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের মার্চে মহসিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





