দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুসার দোকান (মোছার দোকান) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুই ভাই হলেন মুহাম্মদ ইফতেখার (৩২) ও মুহাম্মদ ইরাদ (৩০)। তারা একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংলাশ গ্রামের মুহাম্মদ হারুনের ছেলে। নিহতদের মধ্যে ইফতেখার বিবাহিত ছিলেন এবং তার সংসারে স্ত্রী ও এক সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুহাম্মদ ইফতেখার একজন প্রবাসী। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। বৃহস্পতিবার ছোট ভাই ইরাদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাজার করার উদ্দেশ্যে হাটহাজারী সদরে যাচ্ছিলেন তিনি। পথে মুসার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইফতেখার প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইরাদকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে মিজানুর রহমান ও মো. ইমন নামের দুই পথচারী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে চমেক হাসপাতালে ইরাদের পরিচয় শনাক্ত না হওয়ায় তাকে অজ্ঞাতনামা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। পরে স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাস্থলে ইফতেখারের মৃত্যুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, নিহত ইফতেখার প্রবাসী ছিলেন এবং তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ছাড়া দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
অন্যদিকে চমেক হাসপাতালে ইরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক এশিয়া পোস্টকে বলেন, গুরুতর আহত অবস্থায় পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





