logo

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল পুলিশ সদস্যের

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল পুলিশ সদস্যের
বান্দরবানের আলীকদমে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (২৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ সদস্য সাজু চক্রবর্তীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজু চক্রবর্তীর মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী (হেলপার) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য শফিউল আলম বাদশা ও সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা আক্তার।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর আলীকদম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে। সহকর্মী পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুর খবরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি দাপ্তরিক কাজে বাইরে গিয়েছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আলীকদম ট্রাফিক পুলিশের ইনচার্জ সুজিত জানান, দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর রেখেই চালক ও হেলপার পালিয়ে যান। পরে বাসটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।