পাহাড় ডিঙিয়ে বিদ্যুৎহীন স্কুলে ছুটে আসে শিশুরা, ৮ম শ্রেণির পর অনিশ্চয়তা

পাহাড়ে দুর্গম পথ পেরিয়েও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন বান্দরবানের লামা উপজেলার বনপুর সাংগু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে। শিক্ষকসংকট, অর্থাভাব ও তীব্র গরমের মাঝেও থেমে নেই তাদের স্বপ্নযাত্রা। তবে অষ্টম শ্রেণির গণ্ডি পেরিয়ে নিজ এলাকায় উচ্চশিক্ষার কোনো সুযোগ না থাকায় ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছে কোমলমতি এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়ায় অবস্থিত বনপুর সাংগু মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র এটি। ২০১৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী মাস্টার সাহেদ, মাস্টার বদর উদ্দোজা ও হেড়মেন চ্যাং ম্রোর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুরজাহান বেগম জানায়, প্রতিদিন দীর্ঘ পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হয় তাদের। এতে ক্লান্ত হয়ে পড়লেও শ্রেণিকক্ষে স্বস্তিতে বসে পাঠ নেওয়ার মতো পরিবেশ নেই। বিদ্যুৎ ও ফ্যান না থাকায় গরমের সময় পড়াশোনায় ভোগান্তি পোহাতে হয়। শ্রেণিকক্ষে ফ্যানের ব্যবস্থা করা হলে আরও স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করা সম্ভব হতো বলে জানায় সে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছাইমা আক্তার বলে, অষ্টম শ্রেণি পাস করার পর নবম ও দশম শ্রেণিতে পড়তে দূরের বিদ্যালয়ে যেতে হয়। এতে যাতায়াতের কষ্ট ও বাড়তি খরচের কারণে অনেকের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ছাত্রীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কোনো কোনো ক্ষেত্রে অষ্টম শ্রেণির পরই মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তাদের শিক্ষাজীবন থেমে যাওয়ার আশঙ্কা থাকে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আরফাত বলে, বিদ্যালয়টিতে নবম ও দশম শ্রেণি চালু করা হলে নিজ এলাকায় থেকেই এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারতাম আমরা। এতে দূরের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট ও অতিরিক্ত খরচ কমবে এবং আরও অনেক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ করা হয়। তবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম এখনো নানা সীমাবদ্ধতার মধ্যে চলছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংপ্রু মারমা বলেন, আমরা দরিদ্র পরিবারের মানুষ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হয়। আমাদের বেতনেও অনিশ্চয়তা রয়েছে। কোনো মাসে টাকা পাই, আবার কোনো মাসে পাই না।
সহকারী শিক্ষক অথোয়ই মারমা বলেন, আধুনিকতার যুগেও দুর্গম এ এলাকার বিদ্যালয়টি নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। গরমের মধ্যে বিদ্যুৎ, ফ্যান ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাঠদান করাতে কষ্ট হয়। প্রতিদিন তিন থেকে চার কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হয় শিক্ষকদেরও।
তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতা ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন এবং এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
তবে নানা সীমাবদ্ধতায় বিদ্যালয়টির উন্নয়ন ও শিক্ষার পরিধি বাড়ানোর প্রত্যাশা পূরণ হচ্ছে না। আর্থিক সংকটের কারণে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধেও অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং উচ্চতর শ্রেণির পাঠদান চালুর ক্ষেত্রেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। অন্যদিকে, অষ্টম শ্রেণি শেষ করার পর নবম ও দশম শ্রেণিতে পড়তে শিক্ষার্থীদের যেতে হয় দূরের বিদ্যালয়ে।
পাহাড়ি আঁকাবাঁকা পথে দীর্ঘ যাতায়াত, সময় ও বাড়তি খরচের কারণে অনেকের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য দূরের বিদ্যালয়ে থেকে পড়াশোনা করা আরও ব্যয়বহুল। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদ্দাম হোসেন বলেন, দুর্গম পাহাড়ি এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অষ্টম শ্রেণির পর পড়াশোনার সুযোগ না থাকায় শিক্ষার্থীদের নবম ও দশম শ্রেণিতে পড়তে দূরের বিদ্যালয়ে যেতে হয়। অনেককে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে, যা দরিদ্র পরিবারের পক্ষে বহন করা কঠিন।
তিনি আরও বলেন, বিদ্যালয়টিকে এগিয়ে নিতে প্রয়োজন আরও শিক্ষক নিয়োগ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে বিদ্যালয়টিকে দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করা সম্ভব হতে পারে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও সরকারি উদ্যোগে বিদ্যালয়টির বিদ্যমান সংকট দূর হবে। নিশ্চিত করা হবে প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষা উপকরণ। পাশাপাশি চালু হবে নবম ও দশম শ্রেণির পাঠদান। এতে দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটি বেশ ভালোভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে এ ক্ষেত্রে যদি তাদের কোনো ধরনের আর্থিক সংকট কিংবা প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ঘাটতি থাকে, তাহলে প্রধান শিক্ষককে বিষয়গুলো লিখিতভাবে আমাদের জানাতে হবে। লিখিত আবেদন পেলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করব।











