logo

ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
ধামরাইয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ‘নীলাচল পরিবহন’ এর বাস। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মানিকগঞ্জগামী ‘নীলাচল পরিবহন’এর একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ওভারটেক করে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের কাচ ভেঙে এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ছাড়া বাসের ভেতরে থাকা আরও অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।