logo

চলন্ত বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা, এজাহারে ‘সড়ক দুর্ঘটনা’

চলন্ত বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা, এজাহারে ‘সড়ক দুর্ঘটনা’
সায়মন এক্সক্লুসিভ পরিবহনের ঘাতক বাস। ছবি : এশিয়া পোস্ট

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যার ঘটনায় চালক ও সহকারীর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তবে যাত্রীদের জিম্মি করে টাকা ছিনতাইয়ের পর বাস থেকে ফেলে দেওয়ার ঘটনাটিকে ‘সড়ক দুর্ঘটনা’ হিসেবে এজাহারে উল্লেখ করায় নিহতদের স্বজন ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

গত রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার চওড়াখোলা ইউনিয়নের বাসুনিয়াপাড়া গ্রামের মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তারা দুজনই কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন।

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন তারা। যাত্রাপথে বাসে থাকা অপর যাত্রী ও নিহত শাকিবের চাচা আতিক বসুনিয়ার কাছে থাকা তিন লাখ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে বাসের চালক ও সহকারী তাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাকে বাঁচাতে এগিয়ে গেলে চালক ও সহকারী চলন্ত বাস থেকে দুজনকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ধাওয়া করে বাসটি আটক করেন।

ঘটনার সময় বাসে থাকা একই এলাকার আরেক যাত্রী আতিক বসুনিয়া বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিছে, আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থায় দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে। স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিত।’

নিহত মুকুলের বাবা মাহবুবার সরকার জানান, প্রায় এক মাস আগে মুকুল ও শাকিব রাজমিস্ত্রির কাজ করতে কুমিল্লায় গিয়েছিলেন। শনিবার রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে বাসে এ ঘটনা ঘটে। পরদিন সকালে ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক জামাল হোসেন জানান, ঘটনার সময় তারা মহাসড়কের পাশে ধান কাটছিলেন। হঠাৎ মোটরসাইকেল থেকে চিৎকার শুনতে পান। তখন বাস থেকে লোকজনকে ফেলে দিতে দেখেন। পরে একজনকে বাসের চাকায় পিষ্ট হতে দেখেন।

আরেক প্রত্যক্ষদর্শী আবদুর রহমান বলেন, চিৎকার শুনে তারা ১৮ থেকে ২০ জন ঘটনাস্থলে গিয়ে দুই জায়গায় দুজনকে পড়ে থাকতে দেখেন। একজনকে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যেতে দেখেন। অন্যজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। সেখানে সাধারণ সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৪ নভেম্বর রাতে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মুকুল ও শাকিব। পথে বাসের চালক ও সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বাস থেকে নেমে সামনের দিকে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় চালক দ্রুতগতিতে বাস চালিয়ে তাদের ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এজাহারে বাসচালক ও সহকারীর বিরুদ্ধে বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুই যাত্রীর মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, লাথি মারা কিংবা পরিকল্পিতভাবে হত্যার কোনো অভিযোগ সেখানে উল্লেখ করা হয়নি। বরং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

সুজন রংপুর জেলা সভাপতি ফখরুল আনাম বেনজু বলেন, পুলিশের নিয়ম অনুযায়ী মামলা রেকর্ডের আগে ঘটনার সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার কথা। কিন্তু বাস থেকে ফেলে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, যা সুশাসন নিশ্চিতের পরিপন্থি। এর সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, নিহতের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার বাসচালক আজিজ হোসেন ও সহকারী শফিক ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এজাহার হাইওয়ে থানায় জমা হওয়ার পর মামলা এখানে রেকর্ড হওয়ায় হাইওয়ে পুলিশই এ বিষয়ে ভালো বলতে পারবে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, মামলাটি আমরা তদন্ত করছি। ছিনতাই নাকি ভাড়া নিয়ে বিরোধ—তা তদন্ত শেষে প্রতিবেদনে স্পষ্ট করা হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট