তাড়াশে দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের খানাখন্দে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় দেড় কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও অসংখ্য খানাখন্দ। ঝুঁকি এড়াতে অনেক যানবাহন পৌর শহরের অভ্যন্তরীণ সড়ক দিয়ে চলাচল করায় বাড়ছে যানজট। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা প্রকৌশল বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ এ সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও কার্যকর সংস্কার কার্যক্রম চোখে পড়েনি। সড়কের গর্তে পড়ে প্রায়ই ছোট-বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের ট্রাক শ্রমিক অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে শুরু করে বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা উত্তর ওয়াপদা বাঁধ সড়ক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সংযোগ সড়কেও। এ সময় সংযোগ সড়কের একটি গর্তে মাছবাহী একটি গাড়ি আটকে থাকতে দেখা যায়। গাড়ি থেকে মাছ পড়ে জমে থাকা পানিতে ছড়িয়ে পড়ে। পরে ওই পানি থেকে মাছ সংগ্রহ করতে দেখা যায় শিশু-কিশোরদের। সড়কের এমন পরিস্থিতিতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
উত্তর ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা বেল্লাল খান ও কাঙাল চন্দ্র জানান, সড়কটির অন্তত তিনটি স্থানে বড় আকারের গর্ত রয়েছে। এ ছাড়া পুরো রাস্তার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে খানাখন্দ। তাদের দাবি, প্রতিদিন ছয় থেকে সাতটি যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় সজিব খান বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বিভিন্ন যানবাহন মান্নাননগর থেকে পশ্চিম ওয়াপদা বাঁধ সড়ক ব্যবহার করে চলাচল করে। কিন্তু উত্তর ওয়াপদা বাঁধ সড়কটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চালকরা বিকল্প হিসেবে পৌর শহরের ভেতরের রাস্তা বেছে নিচ্ছেন। ফলে শহরের বিভিন্ন স্থানে যানজট তৈরি হচ্ছে।
তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, সড়কের গর্তগুলোতে ইট ও সুরকি ফেলে আপাতত যান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।




