সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা কারাগারে

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের ছেলে মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।


-e84b4e.jpg)


-8c5ea6-720x405.webp)
