গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক আটক
-e84b4e-720x405.webp)
গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর সিদ্দিক (৫৬) এবং দলটির দপ্তর সম্পাদক মাসুদ রানাকে (৪৯) আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মাসুদ রানাকে তার নিজ বাড়ি থেকে এবং সন্ধ্যায় জেলা শহরের নিজ বাসভবন থেকে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানের অংশ হিসেবে ওই দুই নেতাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশবিরোধী নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে অংশ নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






