logo

মোটরসাইকেল চালাচ্ছিল ১৫ বছরের কিশোর, পেছনে বসা শিশুসহ দুজনই নিহত

মোটরসাইকেল চালাচ্ছিল ১৫ বছরের কিশোর, পেছনে বসা শিশুসহ দুজনই নিহত
১৫ বছরের সামিউল ইসলাম। ছবি: পরিবারের সৌজন্যে

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৫ বছর বয়সী এক কিশোর মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে চাচাতো ভাইসহ নিহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ বছরের সামিউল ইসলাম ও ৮ বছরের আব্দুল্লাহ মিয়ার মৃত্যু হয়।

বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের সৌদি প্রবাসী ছাদেকুল মন্ডলের ছেলে সামিউল ইসলাম স্থানীয় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেলে আব্দুল্লাহ মিয়া মারা যায়। অন্যদিকে, সামিউল ইসলামকে ডক্টরস ক্লিনিকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট