‘বাবার মুক্তির অপেক্ষায় ছিলাম, এখন লাশ নিয়ে ফিরতে হবে’

এক দিন আগেই আদালতে জামিন পেয়েছিলেন কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা রনজিত কুমার ঘোষ। দুপুরে কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফেরার কথা ছিল তার। কিন্তু তার আগেই সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অসুস্থতার কথা জানানো হলেও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি কারা কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।
রোববার (৮ নভেম্বর) আদালতে তার জামিন মঞ্জুর হয়েছিল এবং সোমবার (৯ নভেম্বর) দুপুরে কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল। এর আগেই সোমবার সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন।
রনজিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চারবারের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুনে এবং অন্যটি আগস্টে করা হয়। গত ২১ আগস্ট রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ছেলে খোকন ঘোষ অভিযোগ করে বলেন, তার বাবা বার্ধক্যজনিত কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাবার অসুস্থতার বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এমনকি চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও পাঠানো হয়েছিল। সর্বশেষ কয়েক দিন ধরে বিভিন্ন লোকের মাধ্যমে শুনেছি, বাবা অসুস্থ। কিন্তু কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজ কারাগারে মারা যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো বাবাকে বাঁচানো যেত।
তিনি আরও বলেন, বাবার মৃত্যুর খবরও কারা কর্তৃপক্ষ আমাদের জানায়নি। অপরিচিত একজন ব্যক্তি আমার বোনের মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। পরে আমরা জানতে পারি।
খোকন ঘোষের দাবি, তার বাবা কারাগারেই মারা গেছেন। নিজেদের অবহেলা আড়াল করতে কারা কর্তৃপক্ষ হাসপাতালে মৃত্যুর কথা বলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আক্ষেপ করে খোকন ঘোষ বলেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম, বাবা জেল থেকে বের হবেন, তাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু এখন তার লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে।’
তবে কারাগারে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম বলেন, কয়েক মাস ধরে রনজিত কুমার ঘোষ কারাগারে বন্দি ছিলেন। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং কারাগারের হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে অসুস্থতার মাত্রা বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রনজিত ঘোষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, চলতি বছরের ২১ আগস্টের পর থেকে রনজিত ঘোষ কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে দুটি মামলা ছিল। এর একটিতে তিনি এজাহারভুক্ত আসামি। রোববার একটি মামলায় তার জামিন মঞ্জুর হয়। সোমবার দুপুরে কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল।

