সিলেটে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
রোববার (২৫ অক্টোবর) নগরের কাজলশাহ এলাকা ও রেলস্টেশন এবং জৈন্তাপুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা-পুলিশ সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ওই ব্যক্তির কাছে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের কাগজপত্র পাওয়া যায়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি ভবঘুরে হতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।
এদিকে, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের কাজলশাহ মসজিদের পাশের রাস্তার ধারে এক নারীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। মরদেহটি হিমাগারে রাখা হয়েছে।
অন্যদিকে, সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। তার মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি স্যান্ডেল বিক্রি করতেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
-c1f0e0.jpg)
