logo

মাদক বন্ধে সরকারের সদিচ্ছা নেই: শিবির সভাপতি

মাদক বন্ধে সরকারের সদিচ্ছা নেই: শিবির সভাপতি
লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : এশিয়া পোস্ট

দেশে মাদকের বিস্তার বন্ধে সরকারের সদিচ্ছার অভাব ও রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মাদক কারবারের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মাদক কারবারের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও তা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তরুণ প্রজন্মকে মাদকে আসক্ত করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শিবির সভাপতি আরও অভিযোগ করেন, আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, অসংখ্য ছাত্রদল নেতাকর্মী মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তরুণ ও যুবসমাজকে মাদকে বুঁদ করে রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।