দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে শিশুদের সুষম বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার শালখুর ইউনিয়নে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শিশুদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। তাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে সরকার শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
