logo

নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ছাড়বে না ছেলে, সম্পর্ক ছিন্ন করলেন বাবা

নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ছাড়বে না ছেলে, সম্পর্ক ছিন্ন করলেন বাবা
ছবি : এআই দিয়ে তৈরি

নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছেলে রাহাত মৃধার সঙ্গে অ্যাফিডেভিটের মাধ্যমে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তার বাবা ইদ্রিস মৃধা।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।

Advertisement

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইদ্রিস মৃধার অভিযোগ, তার ছেলে অবাধ্য হওয়ায় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তিনি পারিবারিক ও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ কারণে রোববার আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি।

অ্যাফিডেভিট ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, রাহাত মৃধার সঙ্গে তার বাবা ও পরিবারের সদস্যদের আর কোনো পারিবারিক ও সামাজিক সম্পর্ক থাকবে না।

ইদ্রিস মৃধা বলেন, আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছি। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে রাহাত মৃধা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই।