logo
Advertisement

এক রাতে ৪ বৈদ্যুতিক মিটার চুরি, ফেরত নিতে নম্বর ঝুলিয়ে টাকা দাবি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,রংপুর
এক রাতে ৪ বৈদ্যুতিক মিটার চুরি, ফেরত নিতে নম্বর ঝুলিয়ে টাকা দাবি
রংপুরে এক রাতে চার বৈদ্যুতিক মিটার চুরি। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের তারাগঞ্জে এক রাতেই চারটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি করা হয়েছে। সেজন্য মিটার বোর্ডের গায়ে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোর।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোদ্দ রেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজার এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙার মিলের, ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের মিটার ও একই এলাকার তারিকুল ও মইনুলের আরও দুটি মিটার চুরি হয়।

ভুক্তভোগী মাহে আলম বলেন, একই রাতে চারটি মিটার চুরি হয়েছে। পরে আমার চুরি হওয়া মিটার বোর্ডে একটি মোবাইল নম্বর লিখে রাখা হয় এবং মিটার ফেরত পেতে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। পরে ওই নম্বরে ফোন করলে মিটার ফেরত নেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, চারটি বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় দুজন মিটারের মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মিটারের গায়ে লেখা নম্বরটি চালু আছে। নম্বরটির লোকেশন রংপুর থেকে অনেক দূরে। আমরা ধারণা করছি স্থানীয় একটি চক্র ওই ব্যক্তির সঙ্গে মিলে চুরি করেছে। চুরি যাওয়া মিটারগুলো উদ্ধারে আমাদের চেষ্টা চলছে।