logo

খুলনায় কৃষক দলের সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

খুলনায় কৃষক দলের সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
উদ্ধার করা ককটেল। ছবি : পুলিশের সৌজন্যে

খুলনার দৌলতপুরে কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা বস্তুটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরে সেভ অ্যান্ড সেভের সামনে অবস্থিত টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর কৃষক দলের নেতাকর্মীরা।

খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, সোমবার রাতে ওই টিনশেড কক্ষে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া আলোচনা সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সজিব তালুকদার দাবি করেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আগামী ডিসেম্বরে তাদের নেত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে বলে বিভিন্ন আলামত থেকে তাদের মনে হচ্ছে। এ ঘটনায় ওই চক্রকে সন্দেহ করছেন তারা। তবে তদন্তের মাধ্যমে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান। ওই কক্ষটি কোনো দলীয় কার্যালয় নয়; সেখানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বসে আলোচনা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বোমা উদ্ধার করা হয়েছে। কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া সভা চলাকালে সভাস্থলের সামনে এ ঘটনা ঘটে। উদ্ধার করা বস্তুটি বিস্ফোরিত হয়নি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট