কবরস্থানে মিলল কোটি টাকার ভারতীয় শাড়ি ও বাজি

ফেনীর ফুলগাজী সীমান্তের মনতলা কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজী উপজেলার সোনাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
১০ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোনাপুর বিওপির দলটি সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। এ সময় সীমান্তের নিকটবর্তী মনতলা কবরস্থান এলাকায় সন্দেহজনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা অবস্থায় বিপুল ভারতীয় পণ্য দেখতে পান বিজিবি সদস্যরা।
পরে পণ্যগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি।
তবে এসব মালামাল কে বা কারা কবরস্থান এলাকায় এনে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


