logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

আমনের বাম্পার ফলনেও হাসি নেই মেহেরপুরের চাষিদের

আমনের বাম্পার ফলনেও হাসি নেই মেহেরপুরের চাষিদের
মেহেরপুরের মাঠে পাকা আমন ধান কাটছেন কৃষকেরা। ছবি : এশিয়া পোস্ট

মাঠজুড়ে পাকা ধান, কাটার পর চলছে মাড়াই আর ফসল ঘরে তোলার ব্যস্ততা। অগ্রহায়ণের শুরুতেই আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের কৃষকেরা। তবে মাঠভরা ফসলেও মুখে হাসি নেই তাদের। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম মিলছে না। সরকার প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করলেও মাঠপর্যায়ে কৃষকেরা বিক্রি করছেন ৮০০ থেকে ৯০০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে গিয়ে হিমশিম খাচ্ছেন চাষিরা, অনেকের গুনতে হচ্ছে লোকসান।

চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ২৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার টন। মাঠে মাঠে ধান কাটা, মাড়াই ও পরিবহনের কাজে ব্যস্ত কৃষকেরা। কেউ জমিতে ধান কাটছেন, কেউ মাথায় কিংবা ভ্যানে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার কেউ উঠানে ধান শুকানো ও গোছানোর কাজে ব্যস্ত। কৃষকের কাছে ফসল ঘরে তোলার এই সময়টা উৎসবের হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ায় সেই আনন্দ অনেকটাই ম্লান।

Advertisement

কৃষকদের অভিযোগ, স্থানীয় ধান ব্যবসায়ীরা বাজারে চাহিদা কম থাকার কথা বলে কম দামে ধান কিনছেন। সংসারের খরচ ও ধারদেনা পরিশোধের তাগিদে অনেকটা বাধ্য হয়েই ফড়িয়াদের কাছে ৮০০ থেকে ৯০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে হচ্ছে। অথচ এক বিঘা জমিতে আমন ধান আবাদ করতে খরচ হচ্ছে অন্তত ২০ হাজার টাকা, আর উৎপাদন হচ্ছে ১৫ থেকে ১৬ মণ। সার, কীটনাশক, শ্রমিক ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বাজারদরে ধান বিক্রি করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না বলে দাবি তাদের।

সরকার নির্ধারিত দামে ধান বিক্রির সুযোগ না পাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজারের অনিশ্চয়তা সব মিলিয়ে আমন মৌসুমের ফসল ঘরে তুলেও স্বস্তিতে নেই মেহেরপুরের কৃষকেরা। তাদের দাবি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কার্যকর করা হোক।

মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী স্বাধীনতা সড়কসংলগ্ন জমির ধানচাষি আলামিন হোসেন বলেন, ফলন মোটামুটি ভালো হলেও ধানের দাম না থাকায় বিপাকে পড়েছেন তারা। এক বিঘা জমিতে ধান আবাদ করতে প্রায় ২০ হাজার টাকা খরচ হচ্ছে, অথচ ধান বিক্রি করতে হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা মণ দরে। এতে উৎপাদন খরচই উঠছে না। সরকার নির্ধারিত দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার ব্যবস্থা করা হলে কিছুটা হলেও লোকসান কমত।

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুরের কৃষক আলিম বলেন, ধান কাটার পর ঘরে রাখার সুযোগ সবার নেই। সংসার চালানো, শ্রমিকের মজুরি ও ঋণ পরিশোধের জন্য কম দাম হলেও ধান বিক্রি করতে হচ্ছে। বাজারে ধানের দাম কম বলে ব্যবসায়ীরা কম দামে কিনছেন, অথচ চাল কিনতে গেলে বেশি দাম দিতে হচ্ছে। কৃষক ধান উৎপাদন করে লোকসান করবেন, আর ভোক্তা চাল কিনে বেশি দাম দেবেন এ ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার।

গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষক আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর ধান চাষ করে লোকসান গুনতে হলে কৃষক আর কত দিন চাষ করবে? সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বাড়লেও ধানের দাম বাড়েনি। সরকার নির্ধারিত দামে মাঠপর্যায়ে ধান কেনার ব্যবস্থা করতে হবে। শুধু খাদ্যগুদামে নয়, গ্রামের কৃষক যেন সরাসরি ধান বিক্রি করতে পারেন, সে জন্য উন্মুক্ত স্থানে ক্রয়কেন্দ্র চালু করা প্রয়োজন। অন্যথায় আগামীতে ধান আবাদ কমিয়ে দিতে বাধ্য হবেন এই জেলার কৃষকেরা।

এদিকে কৃষকদের লোকসানের বিষয়টি স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের অতিরিক্ত উপপরিচালক মো. সাইখুল ইসলাম বলেন, বাজারে ধানের দাম কম, অথচ চালের দাম তুলনামূলক বেশি। এ অবস্থায় পরিবারের প্রয়োজনের অতিরিক্ত ধান আবাদ না করা এবং ধান বিক্রি না করে চাল তৈরি করে বিক্রি করলে কৃষকদের লোকসান এড়ানো সম্ভব হতে পারে।