বান্দরবানে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

বান্দরবানে সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজমবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। প্রশিক্ষণের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, পিআইবি ট্রেইনার তাওসিফ আকবর ও সাংবাদিক মুহাম্মদ আলীসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরও দক্ষ হয়ে উঠবেন। নতুন নতুন প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এবং মানসম্মত প্রতিবেদন প্রকাশে ভূমিকা রাখবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
