logo
Advertisement

হাতকড়া নিয়ে বাবার জানাজায় কোটালীপাড়ার সাবেক মেয়র

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
হাতকড়া নিয়ে বাবার জানাজায় কোটালীপাড়ার সাবেক মেয়র
কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে তাকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

Advertisement

পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় আনা হয়। রাত ১১টার দিকে পৌর ভবন মাঠে অনুষ্ঠিত বাবার দ্বিতীয় জানাজায় অংশ নেন। এ সময় তিনি ও হাতকড়া পরা অবস্থায় ছিলেন। জানাজা শেষে রাতেই তাকে আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

শেখ লুৎফর রহমান কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার আসরের পৌর ঈদগাহ মাঠে শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা হয়। পরে রাত ১১টায় পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন হাতকড়া পরা কামাল হোসেন।

শেখ লুৎফর রহমানের জানাজায় দলমত নির্বিশেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলাতেই গ্রেপ্তারের পর তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন।