নেত্রকোনায় ডোবার পানিতে পড়ে প্রাণ গেল ২ শিশুর

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ডোবার পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদাত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু খেলাধুলা করতে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যায়। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যালয়ের সামনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদাত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


