দুর্গন্ধ পেয়ে খামারে ঢুকতেই মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের নয় দিন পর আবদুল জলিল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারের পূর্ব পাশে একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল জলিল বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাবুচি বাজারে মুদি পণ্যের ব্যবসা করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন আবদুল জলিল। নিখোঁজ হওয়ার পর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে এক নারী ওই পরিত্যক্ত মুরগির খামারের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। সন্দেহ হলে তিনি খামারের ভেতরে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানান। তাদের কাছ থেকে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।






