ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা ও বরিশাল সদরের বাসিন্দা জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গামুখী আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সাইফুল মোল্লার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলী ইমরানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


