logo

মায়ের ঝুলন্ত মরদেহের পাশে দুই শিশুর লাশ

মায়ের ঝুলন্ত মরদেহের পাশে দুই শিশুর লাশ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি ঘর থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মরদেহ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। পাশে পড়ে ছিল তার দুই শিশুসন্তানের মরদেহ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী স্বর্ণা আখতার (২৩)। তার ছেলে সাফায়েত হোসেনের বয়স চার বছর এবং মেয়ে রাইসা আখতারের বয়স দেড় বছর।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, স্বর্ণার স্বামী শাকিল (২৭) অটোরিকশা চালান। তিনি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে জানান তারা। দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার প্রকৃত কারণ জেনে পরে বিস্তারিত জানানো হবে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে পৌঁছে বিস্তারিত জেনে ঘটনার বিষয়ে জানাতে পারবেন।