চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রামে বুধবার রাতভর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি কাজীর দেউড়ি মোড় থেকে জামালখান হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে নানা স্লোগান দেন। এ সময় তারা ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থী ও শিশু হত্যার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান।
সমাবেশে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাব। প্রতিটি ওয়ার্ডে এ ধরনের শান্তি মিছিল করা হবে।
যারা নাশকতার সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
সমাবেশ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বুধবার রাতে চট্টগ্রামের নিউমার্কেট, জিইসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১১ টার দিকে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বাড়িতে এবং এর কিছুক্ষণ পরে জিইসি মোড়ে গণপূর্তের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে৷ তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।






