সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লকডাউন কর্মসূচির একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। গভীর রাতে দুই ব্যক্তি কার্যালয়ে ব্যানারটি টানিয়ে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের একটি ব্যানার টানাচ্ছেন। জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাংবাদিকদের বলেন, রাত ৮টা পর্যন্ত তারা দলীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কাজ করেছেন। এরপর সবাই নিজ নিজ বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার জন্য একজন পিয়ন দায়িত্বে থাকেন। ঘটনার রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও ধারণ করেছেন।
তিনি আরও বলেন, রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমিয়ে থাকে। এ সময় কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটিকে রাজনীতি বলা যায় না। রাজনীতি করতে হলে মাঠে থাকতে হবে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। তিনি ঘটনাটিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে বলেন, চোর যেমন চুরি করতে রাতে বের হয়, তেমনি এটিও চোরদের কারবার।

-2bf32c.jpg)



