এক রাতে ৩ স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে লেখা ‘জয় বাংলা’
-2bf32c-720x405.webp)
পটুয়াখালীর গলাচিপায় একই রাতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়গুলোর দেয়ালে পোড়া দাগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি দুটি বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখে গেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলার শিকার বিদ্যালয়গুলো হলো উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম কল্যাণ কলস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দেয়ালে পোড়া দাগ এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সকালে বিদ্যালয়ের সামনে গিয়ে তারা দেয়ালে পোড়া দাগ দেখতে পান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারেন, রাতের কোনো একসময় বিদ্যালয়গুলো লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ধরনের ঘটনার বাইরে রাখার দাবি জানান তারা।
স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর জানান, তিনটি বিদ্যালয়ে বোতল নিক্ষেপ ও দেয়ালে স্লোগান লেখার বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

-6f0a08.jpg)


-9095d0-720x405.webp)
