logo

বাজারে অনুমোদনহীন পণ্যের ছড়াছড়ি, ঝুঁকিতে শিশুরা

বাজারে অনুমোদনহীন পণ্যের ছড়াছড়ি, ঝুঁকিতে শিশুরা
দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রয়োজনীয় অনুমোদন ও মান যাচাই ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে চকবাজার থেকে সরবরাহ করা নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উপজেলার বিভিন্ন বাজারের দোকানে অবাধে বিক্রি হচ্ছে। এসব খাবার কিনে খাচ্ছে শিশুরা, যা নিয়ে তাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন বাজারের দোকানে শিশুদের খাবার, বিস্কুট, চিপস, চকলেট ও পানীয়সহ নানা ধরনের মুখরোচক পণ্য বিক্রি হচ্ছে। এসব পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, গুণগত মান এবং প্রয়োজনীয় অনুমোদন যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে চকবাজার থেকে আসা কিছু নিম্নমানের পণ্য নিয়ে ক্রেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, তার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে কিংবা বাড়ির আশপাশের বিভিন্ন দোকান থেকে প্রায়ই লোভনীয় মোড়কের খাবার কিনে খায় সে। এসব খাবারের গুণগত মান সম্পর্কে অভিভাবকদের অনেক সময় ধারণা থাকে না। কিন্তু শিশুদের জন্য এসব খাবার কতটা নিরাপদ, তা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন।

আরেক অভিভাবক মাকসুদা আক্তার বলেন, তার ছোট ছেলেও প্রায়ই দোকান থেকে বিভিন্ন ধরনের খাবার কিনে খায়। তিনি জানান, দোকানে বিক্রি হওয়া এসব খাবার আদতে কতটা ভালো, তা তারা জানেন না। প্রায়ই তার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। শিশুদের জন্য এসব খাবার কতটা ক্ষতিকর, তা নিয়ে তারা সবসময় চিন্তিত থাকেন।

স্থানীয়দের মতে, কম দামে ও আকর্ষণীয় মোড়কে পাওয়া যায় বলে অনেক ক্রেতাই পণ্যের মান যাচাই না করেই এসব খাবার কিনছেন। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুরা বিভিন্ন দোকান থেকে মুখরোচক খাবার কিনে খাচ্ছে। ফলে অস্বাস্থ্যকর বা নিম্নমানের খাদ্যপণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

সচেতন মহলের দাবি, প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা, খাদ্যপণ্যের মান যাচাই এবং দোকানগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন। বিএসটিআইয়ের বাধ্যতামূলক সনদ প্রয়োজন এমন পণ্য অনুমোদন ছাড়া বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, বিএসটিআই আইনে মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে বিএসটিআইয়ের কর্মকর্তাদের প্রসিকিউশন দাখিল করতে হয়। কিন্তু উপজেলা পর্যায়ে বিএসটিআইয়ের কোনো দপ্তর নেই। এ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।