logo

নৈশপ্রহরীর চিৎকারে রক্ষা পেল গ্রামীণ ব্যাংক

নৈশপ্রহরীর চিৎকারে রক্ষা পেল গ্রামীণ ব্যাংক
পেট্রোল মিশ্রিত কাপড় দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল মিশ্রিত কাপড় দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ব্যাংকেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর চারটার দিকে কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

Advertisement

রহমতপুর এলাকার বাসিন্দা আবদুস সোবাহান জানান, ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। ব্যাংকে গিয়ে দেখেন, আগুন প্রায় নিভে গেছে। আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ভোরে দুর্বৃত্তরা শাখা কার্যালয়ের দোতলার প্রবেশফটক ও নামফলকে পেট্রোলমিশ্রিত কাপড়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে আগুনের তীব্রতা বাড়ার আগেই পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে তারা তৎপর রয়েছেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট