logo

চাঁদপুরে ৬ পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ৬ পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণবিরোধী অভিযান পরিচালিত হয়। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আর অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে বোগদাদ পরিবহনের দুটি বাসকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আইদি পরিবহনের তিনটি বাসের মধ্যে একটিকে ৩ হাজার টাকা এবং অপর দুটিকে ৫ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একটি ট্রাককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ছয়টি যানবাহন থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করার পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।