ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

ফেনীতে পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী মডেল থানা এলাকা, কালীদহ ইউপির লালপুল এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে গত ২ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (মামলা নং-০৩) তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. শাহ আলম (৫৬) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী সাইফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও অরাজকতার উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
অভিযানে অন্যান্য অপরাধে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রুহুল আমিন (৫৪) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারনামীয় আসামি প্রদীপ কুমার শর্মাকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া জিআর ওয়ারেন্টে ২ জন, সিআর ওয়ারেন্টে ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৬ জন, চুরি মামলায় ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ এশিয়া পোস্টকে জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


