logo
Advertisement

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আফসানা। ছবি : এশিয়া পোস্ট

নড়াইলের লোহাগড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আফসানা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আফসানা তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুরে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। পরে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেয়েকে হারিয়ে বাক্‌রুদ্ধ মা ফাতেমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আল আমিন হত্যা মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। এ কারণে পরিবারের অন্যরাও বাড়িতে থাকতে পারছেন না। তাই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলাম। কিন্তু এখানে এসেই মেয়েটা পানিতে ডুবে মারা গেল। স্বামী কারাগারে, মেয়েও চলে গেল—আমি এখন কাকে নিয়ে বাঁচব?

লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, শিশুটি নানাবাড়িতে আসার পর দুপুরে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।

গত ১০ সেপ্টেম্বর বিকেলে স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলাম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আল আমিন আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন।