পুকুরে ভাসছিল ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর মরদেহ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে মোছা. কাসমিরা (২০) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাসমিরা ওই গ্রামের এন্তাজুল হকের মেয়ে। তার স্বামী আবু হাসান মুন্না। তিনি বড় পলাশবাড়ী এলাকার বাসিন্দা। কাসমিরা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
নিহতের স্বজন আবু বক্কর বলেন, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কাসমিরার কথা-কাটাকাটি চলছিল। সোমবার বাড়ির পাশের পুকুরে কাসমিরার ভাসমান মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এটা আত্মহত্যা না হত্যা, আমরা জানি না। আমরা এর সঠিক তদন্ত চাই।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
