চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার খোর্দ্দ খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরবর্তীতে ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপম উপস্থিত ছিলেন।

এর আগে, ঢাকা থেকে সড়কপথে বাসে করে দুপুর ১টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছেন তারেক রহমান। সেখানে এক পথসভায় বক্তব্য শেষে তিনি চাঁদপুরের শাহরাস্তিতে আসেন। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখননের মাধ্যমে জেলায় এ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
পরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৭-৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালখনন কর্মসূচি শুরু করেছিলেন। সে সময় তিনি নিজেও এসে খোর্দ্দ খাল খনন কার্যক্রমে অংশ নেন। প্রায় ৪৮ বছর পর তাঁর খনন করা সেই খাল পুনঃখননের কাজ শুরু হলো তারই পুত্র তারেক রহমানের মাধ্যমে।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি নতুন প্রাণ ফিরে পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সেচ সুবিধা ও মৎস্য চাষে উপকৃত হবে, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চাঁদপুর জেলার সমস্ত উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
.png)

