আড়াই কেজির ইলিশ বিক্রি হলো ১২ হাজার ৯০০ টাকায়

নদীতে যখন মাছের আকাল, ঠিক তখনই সাগরে মিলছে কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে ছোট-বড় নানা আকারের রুপালি ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলেদের মুখে। এর মধ্যেই জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলার ইলিশা তালতলী মৎস্যঘাটের নাগর হাজারীর আড়তে ইলিশটি নিয়ে আসেন মিরাজ মাঝি। মাছটি দেখতে ঘাটে জমে যায় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড়।
পরবর্তীকালে প্রকাশ্যে নিলামে তোলা হলে ১২ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন লোকমান ব্যাপারী। তিনি মাছটি অধিক দামে বিক্রির উদ্দেশ্যে আজই ঢাকায় পাঠাবেন।
জেলে মিরাজ মাঝি জানান, সচরাচর এত বড় ইলিশের দেখা মেলে না। গত বুধবার দুপুরে সাগরের মোহনায় মাছটি তার জালে ধরা পড়ে। পরে ইলিশা মাছঘাটে নিয়ে এলে এক নজর দেখতে লোকজনের ভিড় জমে যায়। খোলা নিলামে ১২ হাজার ৯০০ টাকায় লোকমান ব্যাপারী এটি কিনে নেন।
আড়তদার নাগর হাজারী বলেন, মাঝে মাঝে আমাদের ঘাটে বড় আকারের ইলিশ এলেও এটিই চলতির মৌসুমের সবচেয়ে বড় ইলিশ।
মাছটি কিনতে পেরে উচ্ছ্বসিত ইলিশা বিশ্বরোড ঘাটের ব্যবসায়ী লোকমান ব্যাপারী। তিনি বলেন, ঘাটের সবাই নিলামে অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ১২ হাজার ৯০০ টাকা দর হেঁকে মাছটি কিনতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি ঢাকায় এটি আরও ভালো দামে বিক্রি করতে পারব।
ডাকের অন্য প্রতিযোগীদের একজন জসিম হাজারী। তিনি বলেন, এ বছর ঘাটে আসা সবচেয়ে বড় ইলিশ এটি। আমরা ঘাটের সব আড়তদারই মাছটি কেনার জন্য নিলামে অংশ নিয়েছিলাম। শেষ পর্যন্ত লোকমান আড়তদার এটি কিনে নেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মৌসুমের শেষ দিকে এসে নদী ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, কথাতেই আছে—মা ভালো তো, বাচ্চা ভালো। বড় ইলিশ বেশি ডিম দেয় এবং তার পোনা টিকে থাকার সম্ভাবনাও বেশি থাকে। এই মাছটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। যেহেতু সামনে ইলিশের প্রজনন মৌসুম, তাই ধারণা করা হচ্ছে বড় ইলিশগুলো নদীতে নেমে আসছে।



