logo

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এসআইয়ের জন্মদিন উদযাপন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এসআইয়ের জন্মদিন উদযাপন
ছাত্রলীগ নেতা মেহেদী ও নিষিদ্ধ সংগঠনটির কর্মীদের সঙ্গে এসআই জিয়া। ছবি: এসআইয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কেটে উদযাপনের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আইনের আওতায় আনার কথা থাকলেও এক নেতার সঙ্গে জন্মদিন পালনের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের 'এসএন ক্যাফে'-তে এসআই জিয়ার জন্মদিন উদযাপন করা হয়। ওই আয়োজনে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং ছাত্রলীগ কর্মী বিপুকে সঙ্গে নিয়ে কেক কাটেন এসআই জিয়া।

Advertisement

পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা-সমালোচনা শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ছবিগুলো সরিয়ে নেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি স্থানে সাবেক প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতার এমন সখ্য নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাচোল কসবা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, মেহেদী হাসান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা কীভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে জন্মদিনের কেক খান? পুলিশের তো তাদের ধরার কথা। ছাত্রলীগ নেতাদের সঙ্গে এসআই জিয়ার কোনো গোপন আঁতাত আছে কি না, সেটিও তদন্তের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাচোল থানার এসআই শেখ জিয়াউর রহমান বলেন, ভুলবশত এটি হয়ে গেছে। সে যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, তা আমি জানতাম না।

বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।