logo

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয়। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার সদরে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন তারিফ (২০), সালমান (৪), বায়জিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেল থেকে একটি কুকুর খোলাপাড়া, রাজা খাঁ, দামরাইল, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসহ আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয়রা হাংমাড়া মসজিদের সামনে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা ৭টার দিকে জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ খোলা হয়। সেখানে ১০ থেকে ২০ জন আহতকে র‍্যাবিক্স-ভিসি ও র‍্যাভিক্স-আইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্য আহতরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ওআরটিসি বিভাগের ইনচার্জ ফেরদৌসী বেগম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ৮০ জন রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। সাদেকপুরে কুকুরের কামড়ের ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা ৭টার দিকে জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ খোলা হয়। সেখানে ১০ থেকে ২০ জন রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্য রোগীরা এলে তাদেরও প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হবে।

কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দেন এই চিকিৎসক।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ খোলা হয়। আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

তার মতে, কুকুরে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।